নিজস্ব প্রতিবেদক
ইমাম ও মুয়াজ্জিনদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী বিভিন্ন বিষয়ে দক্ষ ও পারদর্শী করে তুলতে একযোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, একটি মহল্লার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের অন্যতম হলেন ইমাম-মুয়াজ্জিন। প্রতিদিন সমাজের মানুষের সঙ্গে তাদের ঘনিষ্ঠভাবে মিশতে হয়। তাই ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সমকালীন বিভিন্ন বিষয়ে তারা যত বেশি দক্ষ ও পারদর্শী হয়ে উঠবেন, সমাজ তত বেশি উপকৃত হবে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, এ লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন হিসেবে ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ফাউন্ডেশন চায়, দেশের মসজিদগুলো জ্ঞান, সচেতনতা, নৈতিকতা ও কল্যাণচর্চার প্রাণকেন্দ্রে পরিণত হোক এবং ইমাম-মুয়াজ্জিনেরা সমাজের মানুষের জন্য আরও দক্ষ, সচেতন ও কার্যকর পথপ্রদর্শক হিসেবে গড়ে উঠুন।
পোস্টে আজান প্রশিক্ষণের বিষয়টিও তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, আজান শুধু একটি ঘোষণা নয়; এটি একটি ঐশী আহ্বান। বিশুদ্ধ উচ্চারণ, দরদমাখা কণ্ঠ ও সুমধুর সুরে একজন মুয়াজ্জিন সেই আহ্বান মুমিনের হৃদয়ে পৌঁছে দেন।
তিনি জানান, অনেক মুয়াজ্জিন ও আগ্রহী তরুণের স্বপ্ন হলো বিশুদ্ধভাবে আজান দেওয়া এবং নিজেদের একজন আদর্শ ও ব্যক্তিত্বসম্পন্ন মুয়াজ্জিন হিসেবে গড়ে তোলা। একইভাবে মসজিদ কর্তৃপক্ষও চান দক্ষ, সুমধুর কণ্ঠের, আমল-আখলাকে আদর্শ এবং আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনায় পারদর্শী মুয়াজ্জিন।
এমন মুয়াজ্জিন গড়ে তোলার লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আযান প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আরএইচ/