আওয়ার ইসলাম ডেস্ক
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র নতুন নয়। এ শিল্পের ক্ষতিসাধনে দেশের ভেতরে ও বাইরে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে সরকারকে এখনই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনে মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা সাদিকুর রহমান আরও বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার সঙ্গে এ শিল্পের অস্তিত্ব জড়িত। তাই কোনোভাবেই এই শিল্পকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতি পক্ষ’ সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।
এসএইচ/