সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আট দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ৫ নভেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শহরের পৌর মুক্তমঞ্চে প্রতিদিন বইপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।

বিশিষ্ট আলেম-উলামার পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ বইমেলার উপদেষ্টা কমিটিতে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, হাফেজ মাওলানা তানভীরুল হক ও মুফতি মিশকাত আহমেদ।

মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইসলামী জ্ঞান, ইতিহাস, সাহিত্য, আকিদা ও সিরাতসহ বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিদিন কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, নাশিদ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হচ্ছে।

এতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক ও প্রতিনিধিদের পাশাপাশি আলেম-উলামা, লেখক, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ পাঠকরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে বিশুদ্ধ ইসলামী জ্ঞান, সমৃদ্ধ ইসলামী ইতিহাস ও ইসলামী মূল্যবোধ পৌঁছে দেওয়া এ বইমেলার অন্যতম লক্ষ্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি বইপড়ার অভ্যাস তৈরি এবং তাদের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামী বইপড়ার আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ