নিজস্ব প্রতিবেদক
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, খেলাফত কেবল রাজনৈতিক স্লোগান নয়; বরং ন্যায়বিচার, ইনসাফ, মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গঠনের একটি পূর্ণাঙ্গ আদর্শ। এ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
রোববার (১ নভেম্বর) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রঘোষিত ‘দাওয়াতি মাস’ উপলক্ষে এ অভিযান শুরু হয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দাওয়াতি মাসে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও খেলাফতের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সব নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও বৈষম্য দূর করে নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে দেশপ্রেমিক জনগণকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এতে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ও নেতারা।
এসএইচ/