নিজস্ব প্রতিবেদক
দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বস্তরে ইসলামি শরিয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, ‘শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন।’
রোববার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, দাওয়াতি মাস কেবল আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি তৎপরতা ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শায়খে চরমোনাই। এ সময় তাঁর হাতে শতাধিক ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও নগর নেতারা।
সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল মজুমদার বলেন, দাওয়াতি মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে দলের অন্য নেতারাও দাওয়াতি মাসের গুরুত্ব তুলে ধরে রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসএইচ/