নিজস্ব প্রতিবেদক
গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেছেন, আজকের লংমার্চে যেভাবে আপনারা সংহতি প্রকাশ করেছেন, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকার রাজপথে সমবেত হওয়ার আহ্বান জানানো হলে সেভাবেই প্রস্তুত থাকবেন।
শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায় এবং ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা ও সম্মান রক্ষায় ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ চূড়ান্তভাবে সরকারকে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সময়মতো ডাক আসবে। ইনশাআল্লাহ, সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। এ সময় শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ/