শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শিক নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জমজম নূর সিটিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তর শাখা আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সীরাত কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর মুহাম্মাদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমাদ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুল হক। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূর মুহাম্মাদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত অনুসরণ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়; বরং দেশ ও জাতির কল্যাণে নিজেদের সৎ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সীরাত কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা আরও বলেন, তরুণ ও ছাত্রসমাজকে ইসলামী মূল্যবোধ ধারণ করে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্রে যোগ্য নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, বেফাক ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ