শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সিরাত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বৃহত্তর মোমেনশাহীজুড়ে আয়োজন করা হচ্ছে ‘দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশন সিরাত কুইজ প্রতিযোগিতা-২০২৬’। দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের উদ্যোগে, মারকাযুন নূর জামে মসজিদের ব্যবস্থাপনায় এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ১৫ নম্বর ওয়ার্ড উপমেলার পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ৭ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ময়মনসিংহ জেলা পরিষদ হাইস্কুলে প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে একই স্থানে নাশীদ সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকবে রমজানে এক চিল্লায় অংশগ্রহণের সুযোগ। এছাড়া ২০তম স্থান পর্যন্ত বিজয়ীদের জন্য প্রায় অর্ধলক্ষ টাকা সমমূল্যের মূল্যবান বই, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্যও থাকবে বিশেষ সান্ত্বনা পুরস্কার।

আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মারকাযুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইলিয়াস। সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের মুহতামিম ও দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বহু জামিয়ার শাইখুল হাদিস মুফতি আহমাদ আলী।

আয়োজক কমিটি জানিয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। মেয়ে শিক্ষার্থীদের জন্য পর্দার সঙ্গে পৃথক ব্যবস্থাও থাকবে।

প্রতিযোগিতায় অংশ নিতে নির্ধারিত ফি দিয়ে ফরম জমা দেওয়ার পর আয়োজক কমিটির সরবরাহ করা ‘প্রশ্নোত্তরে নবীজীবন’ বইটি সংগ্রহ করতে হবে। পরীক্ষায় ওই বই থেকে ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। বিস্তারিত নিয়মাবলি বইয়ে উল্লেখ করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ফাউন্ডেশনের মুখপাত্র মুফতি আহমদ হোসাইন উসামা বলেন, ‘এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে সীরাতের চিত্র তুলে ধরতে ভূমিকা রাখবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন, চরিত্র, আদর্শ, সংগ্রাম, মানবিকতা, পরিবার ও সমাজ পরিচালনা, দাওয়াত, ইবাদত এবং নেতৃত্বের প্রতিটি অধ্যায়ে মুসলিম জীবনের জন্য অমূল্য শিক্ষা রয়েছে। তাই সীরাত মুসলমানের জীবন গঠনের অন্যতম প্রধান ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতকে মানবজীবনের পাতায় পাতায় গেঁথে রাখতেই এ আয়োজন।’

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক, দাওয়াতি ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ, দাওয়াতি কার্যক্রম, জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প, সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, ইফতার মাহফিল, ঈদসামগ্রী বিতরণ, দুর্যোগে সহযোগিতা ও দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ উল্লেখযোগ্য।

এ ছাড়া রমজান কুইজ ও তেলাওয়াত প্রতিযোগিতা, সীরাত কুইজ ও নাত প্রতিযোগিতা, মুহাদ্দিস ও নবীন আলেম সংবর্ধনা, বিনামূল্যে রক্তদান এবং সুদমুক্ত ঋণ প্রদানের কার্যক্রমও পরিচালনা করছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতে নবীন হাফেজ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণ, কর্মসংস্থানের ব্যবস্থা, রমজানভিত্তিক অনলাইন ফ্রি কোরআন শিক্ষা, বছরব্যাপী মক্তব শিক্ষা ও উন্মুক্ত ফ্রি দ্বীনি শিক্ষার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তারা।

ফরম সংগ্রহ ও জমা দেওয়ার স্থান: মারকাযুন নূর জামে মসজিদ, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, জামিয়া মোহাম্মদিয়া নূরিয়া ভাটিকাশর, জেলা পরিষদ হাইস্কুল, দারুন নাজাত মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসা, হুমাইরা মহিলা মাদ্রাসা, বিসিক শিল্পনগরী জামে মসজিদ, বায়তুল মামুন জামে মসজিদ, মড়লবাড়ি মাদ্রাসা বড় মসজিদসহ আরও বিভিন্ন স্থানে।

যোগাযোগ: ০১৭০০-৯১৪৬৮১ (হোয়াটসঅ্যাপ), ০১৬৮১-১২৯০১২, ০১৩০৩-৪৭০১০৫।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ