শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক 

শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো, সহজ-সরল ছন্দের অনুভূতি এবং নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকের হাতে এসেছে তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

‘রাবতা প্রকাশনা’ আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-উলামাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এতে বইটির বিষয়বস্তু, সাহিত্যিক বৈশিষ্ট্য ও শিশু-কিশোরদের জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও কলামিস্ট এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল লেখক হাম্মাদ রাগিব এবং মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

শিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বির কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর সঞ্চালনায় গ্রন্থটির সাহিত্যিক নান্দনিকতা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।

এ ছাড়া অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী কবি হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদসহ সাহিত্যপ্রেমী গুণীজনেরা।

আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ শুধু ছন্দের খেলা নয়; শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মননে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের বীজ বপনের একটি প্রয়াস। সহজ ভাষায় জটিল জীবনবোধ তুলে ধরার মাধ্যমে বইটি শিশু সাহিত্যে নতুন সংযোজন হিসেবে ভূমিকা রাখতে পারে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”

রাবতা প্রকাশনার প্রকাশক লাবীব হুমায়দী বলেন, শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি গ্রহণযোগ্যতা পাবে বলে তারা আশাবাদী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ