বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা এবং কওমি মাদরাসাগুলোর দীনি খেদমত অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদরাসার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ইলম, তাকওয়া ও আত্মশুদ্ধির এই মহতী আয়োজনে বিশ্ববরেণ্য শাইখুল হাদিস ও ফকিহদের উপস্থিতি সম্মেলনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দস্তারবন্দি গ্রহণকারী আলেমদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ ইলমি ও দাওয়াতি জীবনের সাফল্য কামনা করেন।

জামিয়া ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামের খাঁটি মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষাধারার ভিত্তিতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশিষ্ট আলেম ও মনীষীদের হাত ধরে এটি বিকশিত হয়েছে।

তিনি বলেন, জামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.), শায়খ শাব্বির আহমদ উসমানী (রহ.) ও আল্লামা জাফর আহমদ উসমানী (রহ.)-এর অন্যতম শ্রেষ্ঠ শাগরেদ। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে তিনি এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।

জামিয়ার বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী মনীষীদের অবদানের কথাও স্মরণ করেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি মাওলানা মো. হাফিজ্জী হুজুর (রহ.), মাওলানা হেদায়েতুল্লাহ (রহ.), মাওলানা ফজলুর রহমান (রহ.), মাওলানা ইসমাইল (রহ.), মাওলানা আব্দুল আজিজ (রহ.), মাওলানা আতহার রহমান (রহ.) এবং শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কথা উল্লেখ করেন।

জামিয়ার বর্তমান মুহতামিম মাওলানা মো. আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জামিয়ার তত্ত্বাবধান এবং উম্মাহর খেদমত করে যাচ্ছেন। এ সময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, দলটি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামী শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধের পুনর্জাগরণে বিএনপি কাজ করেছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার, মুয়াজ্জিন তিন হাজার এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে।

 

ধর্মমন্ত্রী আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে মসজিদ খাতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

আলেম-ওলামাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আলেম সমাজ মানুষের হেদায়েতের আলো এবং সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার তাওফিক দান করেন।

তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, সম্প্রতি আল্লাহর রহমতে তার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। সুস্থ হয়ে যেন আলেম-ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সাফল্য কামনা করেন ধর্মমন্ত্রী। এ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত তরুণ আলেমরা যেন বিশ্বব্যাপী ইসলাম ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জামিয়া ফরিদাবাদসহ দেশের সব কওমি মাদরাসাকে কেয়ামত পর্যন্ত ইসলামী জ্ঞানচর্চার সুদৃঢ় দুর্গ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। বাংলাদেশকে সব ধরনের বিশৃঙ্খলা ও ফিতনা থেকে হেফাজত এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে সালাম ও ধন্যবাদের মাধ্যমে বক্তব্য শেষ করেন ধর্মমন্ত্রী।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ