বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮


দাওয়াতুল হকের ৩১তম ইজতেমা ২১ নভেম্বর, চলছে প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা) প্রাঙ্গণে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩১তম মারকাজি ইজতেমা। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ ও আয়োজক কমিটি।

ইজতেমায় সারা দেশের বিভিন্ন হালকার আমির, নায়েবে আমির, ইমাম, মুয়াজ্জিন, ওলামা-মাশায়েখসহ প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্ব ও তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। পাশাপাশি দেশের মসজিদ ও মাদরাসাগুলোতে ইজতেমার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইজতেমার প্রস্তুতি সম্পর্কে যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান জানান, দাওয়াতি কার্যক্রম, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জা এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা মাঠ নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, এবারের ইজতেমায় বহির্বিশ্বের শীর্ষ আলেমদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের হারদুয়ী হযরতের বর্তমান গদ্দিনশীন মাওলানা হাকিম কালীমুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁর আগমন শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এ ছাড়া পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানীফ জলান্ধরীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

দেশের শীর্ষস্থানীয় আলেম-মুরুব্বি, দাওয়াতুল হকের দায়িত্বশীল এবং হারদুয়ী হযরত (রহ.) ও হাকিম আখতার (রহ.)-এর বাংলাদেশি খলিফারাও ইজতেমায় বয়ান ও দিকনির্দেশনা দেবেন।

দিনব্যাপী ইজতেমায় সকাল থেকে ধারাবাহিক কোরআন তিলাওয়াত, আকাবিরদের মালফুজাত পাঠ, আজান ও নামাজের বাস্তব প্রশিক্ষণ (মশক) এবং আত্মশুদ্ধিমূলক বয়ান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ইজতেমা উপলক্ষে দুই থেকে তিনটি নতুন বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। মাদরাসার আদব বিভাগের উদ্যোগে মাসিক আরবি পত্রিকা ও বিশেষ দেয়ালিকাও প্রদর্শন করা হবে।

সরাসরি উপস্থিত হতে না পারা মুসল্লিদের জন্য ‘মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’ ফেসবুক পেজে (facebook.com/dawatulhaqueBD) পুরো অনুষ্ঠান অডিও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশায় ইজতেমাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যেও আয়োজন ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। মাদরাসার সামনের কিতাব মার্কেটসহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড়ের আয়োজন চলছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় এমন বৃহৎ ও সুশৃঙ্খল ধর্মীয় আয়োজন হওয়ায় তাঁরা আনন্দিত।

মানুষের বাহ্যিক ও আত্মিক পরিশুদ্ধি এবং সমাজের সর্বস্তরে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৩৫৮ হিজরিতে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) অরাজনৈতিক সংগঠন ‘মজলিসে দাওয়াতুল হক’ প্রতিষ্ঠা করেন।

আকিদা, ইবাদত, মুআমালাত (লেনদেন), মুআশারাত (সামাজিক আচরণ) ও তাযকিয়া (আত্মশুদ্ধি)—শরিয়তের এই পাঁচটি মৌলিক বিষয়ের সমন্বয়ে মানুষের পূর্ণাঙ্গ জীবন গঠনের রূপরেখা তুলে ধরে সংগঠনটি।

পরবর্তী সময়ে হাফেজ্জী হুজুর (রহ.)-এর আমন্ত্রণে মাওলানা আবরারুল হক হারদুয়ী (রহ.) বাংলাদেশে আসেন। ১৯৯৩ সালের ২৪ এপ্রিল আল্লামা মাহমুদুল হাসানকে আমীরুল উমারা হিসেবে মনোনীত করার মাধ্যমে বাংলাদেশে দাওয়াতুল হকের কার্যক্রম নতুন গতি লাভ করে। 

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ