নিজস্ব প্রতিবেদক
জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আল-কারীম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর লিভারের অধিকাংশই অকেজো হয়ে গেছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার অসুস্থ হয়ে পড়লে তাঁকে চাঁদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রোববার রাতেই তাঁকে রাজধানীর আল-কারীম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতাবোধ করছিলেন।
এদিকে তাঁর আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সাহানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তাফসীর পরিষদের উদ্যোগে আয়োজিত এ দোয়ায় নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আল্লাহ তাআলা যেন মাওলানা মাকসুদুর রহমানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে পরিবার-পরিজনের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা মুফতি বাকিবিল্লাহ, মাওলানা জালাল হোসাইন, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলীসহ অন্যান্য মুসল্লি।
এমএম/