বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

শেষের দিকে জাতীয় ঈদগাহের প্রস্তুতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। মাঠজুড়ে এখন চলছে সামিয়ানা, প্যান্ডেল, গেট, অজুখানা, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থার শেষ মুহূর্তের কাজ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের আগের দিন সব কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। খবর বাসস-এর।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, এবারও জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতির তত্ত্বাবধান করছে সিটি কর্পোরেশন। প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছে পিআর এন্টারপ্রাইজ। গত ১ মে থেকে কাজ শুরু হয়েছে।

বর্তমানে শামিয়ানা টাঙানো, লাইট ও ফ্যান স্থাপন, অজুখানা, কন্ট্রোল রুম, ভিআইপি টয়লেট এবং প্রবেশ ও বহির্গমন গেট নির্মাণের কাজ চলছে। মাঠ ভরাট ও ঘাস কাটার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পুরো এলাকায় সাউন্ড সিস্টেমের কাজ করছে গণযোগাযোগ অধিদফতর।

ডিএসসিসি জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা প্যান্ডেল ও প্রবেশপথ রাখা হয়েছে। এছাড়া বৃষ্টি ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ বিভ্রাটের জন্য জেনারেটর এবং নিরাপত্তায় সিসিটিভি নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে।

ডিএসসিসি’র সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিষয়ক প্রধান কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, 'ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন করতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে দ্রুতগতিতে কাজ চলছে।'

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ