জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ
আওয়ার ইসলাম/জেডএম
