আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মসজিদুল হারামে শনিবার (১০ অক্টোবর) কুরআনের কিরাতবিষয়ক বিশেষ পাঠদান করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ অধ্যাপক ফয়সাল গাজ্জাবি। ‘কুরআনের ছোট সূরাগুলোতে বর্ণিত কিরাতের নির্দেশনা’ শীর্ষক এ পাঠদান অনুষ্ঠিত হয় পবিত্র কুরআনের কিরাতবিষয়ক প্রথম বৈজ্ঞানিক কোর্সের অংশ হিসেবে।
মসজিদুল হারাম প্রাঙ্গণে আয়োজিত এ কোর্সে কোরআন তিলাওয়াতের বিভিন্ন পদ্ধতি, কিরাতের বৈশিষ্ট্য এবং সংশ্লিষ্ট জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে শায়খ ফয়সাল গাজ্জাবি ছোট সূরাগুলোতে বর্ণিত কিরাতের নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
কুরআনের কিরাতশাস্ত্র ইসলামি জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা। এ শাস্ত্রে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াতের স্বীকৃত পদ্ধতি, উচ্চারণের বৈশিষ্ট্য এবং সংশ্লিষ্ট নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়। কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত সংরক্ষণ ও এ বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনে কিরাতশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে।
বিশেষ করে কুরআনের ছোট সূরাগুলো নামাজ ও দৈনন্দিন তিলাওয়াতে ব্যাপকভাবে পঠিত হয়। এসব সূরার তিলাওয়াতের সঙ্গে সংশ্লিষ্ট কিরাতের নির্দেশনা নিয়ে পাঠদান শিক্ষার্থী ও কুরআন গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানচর্চার সুযোগ তৈরি করে।
সূত্র: হারামাইন আর্কাইভ
আইও/