ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরও এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) গাজার মধ্যাঞ্চলের আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তিনি প্রাণ হারান।
আল জাজিরার এক বিবৃতিতে নিহত সাংবাদিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত আহমেদ উইশাহ চ্যানেলটির ভিডিও জার্নালিস্ট ও ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আল জাজিরার স্থানীয় প্রতিবেদকের বরাত দিয়ে জানানো হয়, আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ওই হামলায় আহমেদ উইশাহ নিহত হন। হামলায় আরও কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজায় চলমান সংঘাতের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন বারবার যুদ্ধক্ষেত্রে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।
সর্বশেষ এই হামলায় আল জাজিরার একজন কর্মী নিহত হওয়ায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে সংবাদকর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিশ্চিত করা জরুরি।
জেডএম/
