|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||
আমাদের মাদ্রাসাসমূহে 'তাকরার' একটি অতি পরিচিত শব্দ। মাদ্রাসায় পড়েছে আর 'তাকরার' শব্দটি শুনেনি এমন তালেবুল ইলম সম্ভবত একজনও নেই। কেননা, মাদ্রাসার তালেবুল-ইলমদের জন্য সবক পরিপূর্ণ বোঝা, আত্মস্থ করা এবং অন্যের সামনে তা স্পষ্টভাবে উপস্থাপন করার ক্ষেত্রে 'তাকরারে'র বিকল্প নেই।
তাকরার কী?
তাকরার মানে কয়েকজন মিলে সবকের ইয়াদা বা পুনরাবৃত্তি করা। যাকে ইংরেজিতে গ্রুপ স্টাডি বলে। আরও সুনির্দিষ্টভাবে বললে বলা যায়: উস্তাদের সবক প্রদানের পর উক্ত সবকটিকে একজন ছাত্র পুনরায় উস্তাদের মত করে পরিচালনা করেন আর বাকিরা তা মনোযোগসহ শ্রবণ করেন। কোথাও কোন ইশকাল বা অস্পষ্টতা থাকলে সেটাও উক্ত তাকরারে ক্লিয়ার করা হয়।
মোটকথা, উস্তাদের দরসে প্রথমবার কোনো কথা বা স্থান বুঝতে অসুবিধা হলে তাকরারে তার পুরোপুরি হল করা হয়। এ থেকে অনুমিত হয় যে, তাকরারের গুরুত্ব কত অপরিসীম।
আকাবিরের দৃষ্টিতে তাকরার
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবি রহ. বলেন: কোনো তালিবে ইলম যদি সর্বদা তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে, তবে ইনশাআল্লাহ সে যোগ্য আলেম হবে।
এক. সবকের পূর্বে মুতালাআ করবে। দুই.দরসে উস্তাদের সবক মনোযোগ সহকারে শ্রবণ করবে। তিন. পঠিত সবক একবার তাকরার করে নেবে। (তুহফাতুল উলামা)
বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দীন শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমানি দা. বা. তাঁর আত্মজীবনী "ইয়াদে"তে স্মৃতিচারণ করেছেন তাঁর ছাত্র জমানার তাকরার বিষয়ে। সেখানে তিনি বলেছেন, ছোটবেলায় আমার জিহ্বায় জড়তা ছিল। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক তাকরারের উসিলায় আমার জবান স্পষ্ট হয়েছে।
আমাদের এক উস্তাদ বলেছেন: من يكرر فهو يدرس অর্থাৎ আজকের মুকাররির আগামী দিনের শিক্ষক। মানে যে ছাত্র জমানায় কিতাব তাকরার করবে, ভবিষ্যতে সে যোগ্য শিক্ষক হবে।
তাকরারের উপকারিতা
ইদানীং ভালো ছাত্ররা তাকরার করতে চায় না। এটাকে সে সময় নষ্ট মনে করে এবং মনে করে, অন্যের পেছনে সময় নষ্ট করে লাভ কী? অথচ তাকরার হল এমন ব্যবসা যা দ্বারা তাকরারকারী এবং তাকরার শ্রবণকারী সকলেই লাভবান হয়। বরং বেশি উপকার হয় তাকরারকারীর।
কেননা, তাকরারের মাধ্যমে তার পড়া ইয়াদ হয়ে যায়। পরীক্ষার সময় তার অতিরিক্ত কষ্ট করতে হয় না। এছাড়া, তাকরার করার মাধ্যমে তার ভেতর একটা কনফিডেন্স ও আত্মবিশ্বাস তৈরি হয় যে, সে এ সকল কিতাবাদি শিক্ষকযুগে নির্দ্বিধায় পড়াতে পারবে। ফলে শিক্ষক হওয়ার একটা অদম্য স্বপ্ন ও বাসনা সে ছাত্র জমানা থেকেই লালন করে।
এককথায় তাকরারের মাধ্যমে কোনো বিষয়কে সহজভাবে বুঝানোর একটা চমৎকার যোগ্যতা অর্জিত হয়। ফলে তাকরারকারীর শিক্ষক, মুবাল্লিগ, জুমার খতিব কিংবা ওয়াজের মাঠের বক্তা হওয়ার পথ সুগম হয়। আর এতে তার ভবিষ্যত হয় উজ্জ্বল ও আলোকদীপ্ত।
অপরদিকে যারা মনোযোগ সহকারে তাকরার শ্রবণ করেন, তারাও কিতাব বুঝতে শুরু করেন এবং একসময় তারাও যোগ্য হয়ে ওঠেন। অথচ তাকরার না করলে এমনটি হওয়া তার পক্ষে সম্ভবপর হতো না কস্মিনকালেও।
কাজেই আমরা বলতে পারি, একজন শিক্ষার্থীর সফলতা নির্ভর করে তার নিয়মিত তাকরারের ওপর। তাকরার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হওয়াসহ ভবিষ্যতে যোগ্য আলেম হওয়ার শতভাগ নিশ্চয়তা প্রদান করে। গড়ে দেয় তাঁর মহা মূল্যবান জীবনের মহাভিত্তি।
আল্লাহ তায়ালা আমাদের তালেবুলইলম ভাইদেরকে ইহতেমামের সঙ্গে নিয়মিত তাকরার করার তাওফিক দান করুন। এবং আমাদের যোগ্য ও হক্কানি রব্বানি আলেম হওয়ার তাওফিক দান করুন। আমিন।
লেখক: শিক্ষক, গবেষক ও অনুবাদক
জেডএম/
