|| আবু আব্দুল্লা মিহরান ||
ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ ঢাকার ৭০ সালা দস্তারবন্দী অনুষ্ঠানের আর মাত্র এক দিন বাকি। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এখন অপেক্ষা কাঙ্ক্ষিত মেহমান ও ফুজালাদের আগমনের।
সাত দশকের গৌরবময় পথচলার এই বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখতে কর্তৃপক্ষের পাশাপাশি উদ্যোগী হয়েছেন মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। তাদের উদ্যোগে প্রকাশিত হচ্ছে নানা বই, স্মারকগ্রন্থ ও বিশেষ সাময়িকী। এসব প্রকাশনায় উঠে আসছে মাদরাসার ইতিহাস-ঐতিহ্য, অবদান, আকাবিরের জীবন ও কর্ম, স্মৃতি-স্মরণ এবং মাদরাসাকেন্দ্রিক সাহিত্যচর্চার নানা অনুষঙ্গ।
১. জামিয়া ফরিদাবাদের স্মারকগ্রন্থ
মূল অনুষ্ঠানের আয়োজক তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে জামিয়ার ইতিহাস, ঐতিহ্য ও অবদানে সমৃদ্ধ একটি বিশেষ স্মারকগ্রন্থ। প্রায় ৪৩২ পৃষ্ঠার এ গ্রন্থ সম্পাদনা করেছেন বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
এতে স্থান পেয়েছে জামিয়ার প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি, মুহতামিম ও শাইখুল হাদিসগণের জীবন ও কর্মের পরিচিতি। পাশাপাশি রয়েছে বর্তমান উস্তাদদের নানা অনুদ্ঘাটিত স্মৃতি ও অভিজ্ঞতার বয়ান। শুভাকাঙ্ক্ষী ও প্রবীণ ফুজালাদের বিশেষ নিবন্ধ, আবেগমাখা স্মৃতিচারণ ও মূল্যায়নে সমৃদ্ধ হয়েছে গ্রন্থটি। সাত দশকের প্রাতিষ্ঠানিক ইতিহাসকে এক মলাটে ধারণ করার প্রয়াস হিসেবে স্মারকগ্রন্থটি বিশেষ গুরুত্ব বহন করছে।
২. সুখ-স্মৃতির আঙিনা ফরিদাবাদ মাদরাসা
৭০ সালা দস্তারবন্দী অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত মুহাম্মদ মুআয নূর লিখিত ‘সুখ-স্মৃতির আঙিনা ফরিদাবাদ মাদরাসা’ বইটি ইতোমধ্যে বোদ্ধামহলে বেশ সাড়া জাগিয়েছে। প্রায় ৪০০ পৃষ্ঠার এ বইয়ে উঠে এসেছে ফরিদাবাদ মাদরাসার সঙ্গে একটি পরিবারের চার দশকেরও বেশি সময়ের নিবিড় সম্পর্ক, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের নানা দিক।
একজন ছাত্রের চোখে ফরিদাবাদ মাদরাসার আসাতিযায়ে কেরাম ও মুরুব্বিদের জীবনের অনন্য সৌন্দর্য, আমল-আখলাক ও অনুসরণীয় নানা দিক এতে চিত্রিত হয়েছে। পাশাপাশি মাদরাসার পরিবেশে বেড়ে ওঠা একজন শিক্ষার্থীর যাপিত জীবনের সুখ-দুঃখ, আবেগ ও ভালোবাসার নানা স্মৃতিও স্থান পেয়েছে বইটিতে। প্রতিটি পৃষ্ঠায় ছড়িয়ে আছে মাদরাসার প্রতি গভীর মহব্বত ও শ্রদ্ধার অনুরণন।
৩. মাওলানা আব্দুল গনী রহ. : জীবন ও স্মৃতি
ফরিদাবাদ জামিয়ার প্রবীণ উস্তাদ ও শায়খে সানী মরহুম মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হচ্ছে ‘মাওলানা আব্দুল গনী রহ. : জীবন ও স্মৃতি’ শীর্ষক বই। এতে তুলে ধরা হয়েছে সহজ-সরল, দরবেশপ্রকৃতির একজন বিচক্ষণ আলেমের জীবনের নানা দিক।
নীরবে-নিভৃতে থেকেও যে অসাধারণ সব কাজ করা যায়, মাওলানা আব্দুল গনী রহ. তার জীবনের মাধ্যমে তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তার কর্মময় জীবনের নানা অধ্যায়, ব্যক্তিত্ব ও স্মৃতিকে পাঠকের সামনে তুলে ধরার প্রয়াস রয়েছে বইটিতে। এটি সম্পাদনা করেছেন ফরিদাবাদ জামিয়ার তরুণ ফাজেল ও লেখক মুহাম্মদ মুআয নূর।
৪. ঐতিহ্যপত্র
ফরিদাবাদ জামিয়ার তরুণ উস্তাদদের তত্ত্বাবধানে নবীন তালিবুল ইলমদের উদ্যোগে প্রকাশিত হচ্ছে ‘ঐতিহ্যপত্র’। এটি মাদরাসাকেন্দ্রিক কয়েকটি ছোট পরিসরের সমৃদ্ধ মাসিক ও ত্রৈমাসিক সাময়িকীর সম্মিলিত আয়োজন। বর্তমান ও সাবেক ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের লেখায় সাজানো হয়েছে এর বিভিন্ন বিভাগ। মাদরাসার ঐতিহ্য, সাহিত্যচর্চা ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে এক মলাটে তুলে ধরার প্রয়াস রয়েছে এ প্রকাশনায়।
৫. সাহিত্যপত্র
ফরিদাবাদ জামিয়ার ফাজেল ও উদ্যমী লেখক মাওলানা হাবিবুল্লাহ সিরাজের উদ্যোগে প্রকাশিত হচ্ছে ‘সাহিত্যপত্র’ নামের বিশেষ একটি ম্যাগাজিন। আলেম লেখক ও তরুণদের চিন্তাভাবনা, ভালোবাসা, স্মৃতিচারণ এবং সাহিত্যধর্মী নানা লেখায় সাজানো হয়েছে সাময়িকীটি। মাদরাসাকেন্দ্রিক সাহিত্যচর্চায় নতুন প্রজন্মের ভাবনা ও সৃজনশীলতার পরিচয় মিলবে এতে।
৬. মাশায়েখে ফরিদাবাদ
ফরিদাবাদ জামিয়ার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাজেল মাওলানা ইমরান হোসাইন ৭০ সালা দস্তারবন্দী অনুষ্ঠান উপলক্ষে লিখেছেন ‘মাশায়েখে ফরিদাবাদ’ নামের একটি বই। এতে ১৯৫৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ফরিদাবাদ মাদরাসায় খেদমত আঞ্জাম দেওয়া প্রসিদ্ধ আলেমদের সংক্ষিপ্ত জীবনীবৃত্তান্ত এক মলাটে সংকলন করা হয়েছে। মাদরাসার বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী ও ইলমি খেদমতে নিয়োজিত মাশায়েখদের পরিচয় ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৭. আকাবেরে বাংলাদেশ
দেশের সহস্রাধিক আলেম-উলামার জীবনীর সংকলন ‘আকাবেরে বাংলাদেশ’। বইটিতে এক হাজারের বেশি আলেমের জীবনী সন্নিবেশিত হয়েছে। আসন্ন ৭০ সালা অনুষ্ঠানের শুভক্ষণে এর জমকালো মোড়ক উন্মোচন বইটির প্রতি পাঠকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। দেশের বরেণ্য আলেমদের জীবন ও কর্ম সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তাদের পরিচয় তুলে ধরার প্রয়াস হিসেবে বইটি বিশেষ তাৎপর্য বহন করছে।
সাত দশকের দীর্ঘ পথচলার মাইলফলক ৭০ সালা দস্তারবন্দী অনুষ্ঠান। এ উপলক্ষে প্রকাশিত এসব বই, স্মারক ও সাময়িকী অনুষ্ঠানটির আনন্দ-আয়োজনকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি ফরিদাবাদ মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, আকাবিরের জীবন ও কর্ম এবং প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিকে সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষ হলেও এসব প্রকাশনা দীর্ঘদিন পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ৭০ সালা আয়োজনের স্মারক হয়ে থাকবে।
এসএইচ/