শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘জুলাই কর্নার’। জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আলেমদের অবদান স্মরণে এ কর্নার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিলাওয়াত করেন জুলাই কর্নার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তাসনীম আমান।

উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের একান্ত সহকারী ও টোটাল গ্রুপের পরিচালক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ। এছাড়া জুলাই কর্নারের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হক, সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিমসহ লেখক, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

জুলাই কর্নারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আলেম মুক্তিযোদ্ধাদের ছবি ও জীবনবৃত্তান্ত প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা এবং জুলাই যোদ্ধাদের রচিত বিভিন্ন বই স্থান পেয়েছে। আন্দোলনে শহীদ মাদরাসা শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন কর্নারের ভেতরে এবং আহত ও অংশগ্রহণকারীদের অবদান বাইরের অংশে প্রদর্শন করা হচ্ছে।

বক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করেন। তারা দর্শনার্থীদের জুলাই কর্নার পরিদর্শন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠের আহ্বান জানান।

এদিকে জুলাই কর্নার ঘিরে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ ও আবেগ লক্ষ্য করা গেছে। তারা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানান। একইসঙ্গে দেশের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় দেশি-বিদেশি ১৯৩টি প্রতিষ্ঠানের মোট ২০৬টি স্টল রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

মেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ