|| নাজমুল হুদা মজনু ||
মরব কি বাঁচব আমরা—সেই ফয়সালা যাঁর,
দয়ার চাদরে জড়িয়ে রাখা কেবল ইচ্ছা তাঁর।
আমরা হয় ধ্বংসই হলাম, কিংবা পেলাম দয়া,
তোমাদের মাথার উপরে নামবে অশুভ ছায়া!
সে দিন কে বাঁচাবে সেই ভয়াল আজাব হতে?
কার ভরসা কাজ দেবে সেই নিকষ-ঘন পথে?
আমরা তো বিশ্বাস রাখি শুধু সে করুণাময়ে,
তাঁর চরণে সঁপেছি এ মন-প্রাণ পরম আশ্রয়ে।
সময়ই বলবে একদিন, কাটবে সেসব সংশয়,
স্পষ্ট গোমরাহিতে ডুবে ছিলে কারা বিশ্বময়!
ভেবে দেখেছ কি—যদি হারায় এ ভূমির পানি,
শুকিয়ে কাঠ হয় যদি এই সবুজ স্বপ্নের রানী।
কে এনে দেবে মিষ্ট পানির বহমান সেই ধারা?
তাঁর করুণা ছাড়া আমরা যে সবাই দিশাহারা!
রহমান তো সর্বশক্তিমান, দয়ার আধার যিনি,
মৃত্তিকার গভীরে পানির প্রবাহ-বাঁচান তিনি।
আইও/