|| আকিদুল ইসলাম সাদী ||
মাগরিবের নামাজ পড়ে উঠোনে চেয়ার পেতে বসে আছেন জহির সাহেব। আকাশভরা তারা। সেদিকে তাকিয়ে তিনি ভাবছেন। তাঁর সাথে বসে আছে কয়েকজন নাতি-নাতনি। তাদের চোখে কৌতূহলের ঝিলিক। দাদার মুখ থেকে তারা গল্প শুনবে।
দাদা গল্প শুরু করলেন।
আজ তোমাদের এমন এক গল্প শোনাব, যে গল্প শুধু একটা মানুষের নয়; পুরো পৃথিবীকে বদলে দেওয়া এক মহান মানুষের আগমনের গল্প। তবে সেই গল্প শুরু করার আগে আমাদের জানতে হবে, তিনি যখন আসেননি, তখন পৃথিবীটা কেমন ছিল।
ছোট নাতিটা জিজ্ঞেস করল, দাদা, তখন কি মানুষ ভালো ছিল না?
দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব মানুষ খারাপ ছিল না দাদু ভাই। কিন্তু সমাজটা ছিল খুব অন্ধকারচ্ছন্ন। ইতিহাসে সেই সময়কে বলা হয়— "আইয়্যামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতা আর বর্বরতার যুগ।"
দাদা একটু থামলেন। সবাই মন দিয়ে শুনছে।
—ভাবো তো, বিশাল মরুভূমি। চারদিকে শুধু বালু আর বালু। সেই মরুভূমিতে বাস করত আরবের মানুষ। তারা ছিল সাহসী, অতিথিপরায়ণ আর উদার। অতিথি এলে নিজের শেষ খাবারটুকুও তাকে খাইয়ে দিত। কিন্তু একটা বড় দুঃখ ছিল—তারা তাদের প্রকৃত স্রষ্টা আল্লাহকে ভুলে গিয়েছিল।