আওয়ার ইসলাম ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক তোপকাপি প্রাসাদের পবিত্র নিদর্শন সংরক্ষণাগারে পাঁচশ বছরেরও বেশি সময় ধরে কুরআন তেলাওয়াতের একটি অনন্য ধারাবাহিকতা চলে আসছে। সেখানে দিন-রাত পালাক্রমে হাফেজরা পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এক মুহূর্তের জন্যও তেলাওয়াত বন্ধ হয় না
তোপকাপি প্রাসাদের পবিত্র নিদর্শন সংরক্ষণাগারে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু পবিত্র স্মৃতিচিহ্নও সংরক্ষিত রয়েছে।
কথিত আছে, উসমানি সুলতান প্রথম সেলিমের শাসনামলে এ স্থানে দিন-রাত কোরআন তিলাওয়াতের এ প্রথা শুরু হয়। ১৫১৭ সালে মিসর বিজয়ের পর পবিত্র নিদর্শনগুলো ইস্তাম্বুলে আনা হয়েছিল।
বর্তমানে সেখানে ২৮ জন হাফেজ পালাক্রমে কুরআন তেলাওয়াত করেন। একজন হাফেজ প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত তেলাওয়াত করার পর তাঁর স্থলে অন্য একজন দায়িত্ব নেন। এভাবে দিন-রাত বিরতিহীনভাবে তেলাওয়াতের ধারা অব্যাহত থাকে।
বলা হয়, এই ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন একটি পূর্ণ কুরআন খতম করা হয়। সে হিসাবে বছরে প্রায় ৩৬৫টি খতম সম্পন্ন হয়।
প্রায় পাঁচ শতাব্দী ধরে পবিত্র নিদর্শনগুলোর সান্নিধ্যে কুরআনের তেলাওয়াত অব্যাহত থাকার এ প্রথাকে উসমানি যুগ থেকে চলে আসা একটি অনন্য ধর্মীয় ঐতিহ্য হিসেবে উল্লেখ করা হয়।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/