শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ৩১ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু-কিশোর বাইসাইকেল পুরস্কার পেয়েছে। এছাড়া একই কর্মসূচিতে অংশ নিয়ে আরও ২৬ জনকে উৎসাহমূলক পুরস্কার হিসেবে প্রেসার কুকার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদ—মোট চারটি মসজিদকে কেন্দ্র করে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। নির্ধারিত সময়জুড়ে নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন শেখ।

মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।

এ সময় মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তফা সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী করা এবং সালাত আদায়ে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। তাদের মতে, ধর্মীয় অনুশীলনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান সফল করতে মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ স্থানীয় বাসিন্দারা সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকদের ভাষ্য, ভবিষ্যতেও নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং নিয়মিত ইবাদতে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ