বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮


রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানে হত্যা, ধর্ষণ, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনাকে গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করে এ রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করেন। ১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আদালত মনে করেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিল।

রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে এ রায়কে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মামলার পটভূমি

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দায়ের করা এ মামলায় গাম্বিয়া অভিযোগ করে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

ওই সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তবে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান।

২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তী সময়ে আদালত মামলাটির বিচারিক এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেন। ২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির মূল শুনানি অনুষ্ঠিত হয়।

রায়ে যা উঠে এসেছে

এপি জানায়, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্যসহ বিভিন্ন নৃশংসতার প্রমাণ বিবেচনায় নিয়েছে আদালত। বিচারিক পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে।

আদালতের মতে, এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল। ফলে গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হয়েছে।

আইসিজের এ রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো সরাসরি বলপ্রয়োগকারী ব্যবস্থা না থাকায় রায় বাস্তবায়নে কোনো পক্ষ ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা যেতে পারে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালত নির্দেশনা দিয়েছেন। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গণহত্যায় জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশের জন্যও এ রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালের সামরিক অভিযানের পর পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান কূটনৈতিক ও মানবিক অগ্রাধিকার।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এ রায় ভবিষ্যতে গণহত্যার অভিযোগে দায়ের করা আন্তর্জাতিক মামলাগুলোর বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও হিউম্যান রাইটস ওয়াচ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ