যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের দুই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ সংক্রান্ত ‘স্টেট হলিডেজ: ঈদ’ বিল এবি ২০১৭-তে ২৭ সেপ্টেম্বর স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।
বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপনের পর বিভিন্ন কমিটির অনুমোদন পেয়ে আইনসভায় অগ্রসর হয়। ১০ সেপ্টেম্বর এটি গভর্নরের কাছে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর গভর্নর নিউজম এতে স্বাক্ষর করেন।
চাঁদের তারিখ অনুযায়ী ঈদ
নতুন আইনে ইংরেজি ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। ইসলামী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হলেও আইনি স্বীকৃতির ক্ষেত্রে তা ইসলামী পঞ্জিকাভিত্তিক থাকবে।
স্কুল বন্ধের সুযোগ
আইনে ক্যালিফোর্নিয়ার সরকারি স্কুলগুলোকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে বন্ধ রাখার সুযোগ দেওয়া হয়েছে। তবে স্কুল বন্ধ করা বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা পর্ষদ ও প্রতিনিধিত্বকারী কর্মীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিউনিটি কলেজের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া ঈদের দিনগুলোতে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল ফিতর ও ঈদুল আজহারের ইতিহাস ও তাৎপর্য নিয়ে শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের সুযোগ রাখা হয়েছে।
সরকারি কর্মীদের জন্য ব্যবস্থা
নতুন আইনে ক্যালিফোর্নিয়ার সরকারি কর্মীদের ঈদ উপলক্ষে ছুটির সুবিধা ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। কর্মীরা নির্দিষ্ট শর্ত ও কর্মস্থলের নিয়ম অনুযায়ী ঈদের দিনে ছুটির সুবিধা বা হলিডে ক্রেডিট নিতে পারবেন।
তবে ঈদকে রাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান ওই দিন বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। বিশেষ করে বিলটিতে ঈদকে বিচারিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
আইনে পরিণত হলো যেভাবে
এবি ২০১৭-এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বিদ্যমান ছুটির আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা যুক্ত করা হয়েছে। আইনটির উদ্দেশ্য হিসেবে ঈদের সাংস্কৃতিক গুরুত্ব স্বীকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ছুটির সিদ্ধান্তের সুযোগ বজায় রাখার কথা উল্লেখ করা হয়েছে।
গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর বিলটিতে স্বাক্ষর করার মাধ্যমে এটি আইনে পরিণত হয়। তাঁর কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের আইনসংক্রান্ত ঘোষণায় এবি ২০১৭-কে ‘স্টেট হলিডেজ: ঈদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির কাঠামোয় প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। একই সঙ্গে স্কুল, কমিউনিটি কলেজ ও সরকারি কর্মীদের জন্য ঈদ পালনে ছুটিসংক্রান্ত বিভিন্ন সুযোগ তৈরি হলো।
এসএইচ/