শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সংঘাতকে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। একই সঙ্গে হুথিদের পরাজিত না করা পর্যন্ত দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে সৌদি সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিরল বিবৃতিতে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় এই কর্মকর্তা।

বিবৃতিতে কোরআনের আয়াত ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসের আলোকে দেশ ও পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে তুলে ধরেন গ্র্যান্ড মুফতি।

তিনি বলেন, সৌদি আরবকে রক্ষা করা এবং দেশের ভূখণ্ডের কোনো অংশে আঘাত হানতে চাওয়া ব্যক্তিদের প্রতিহত করা অন্যতম মহান দায়িত্ব ও পুণ্যময় ইবাদত। এ দায়িত্ব পালনে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

গ্র্যান্ড মুফতি আরও বলেন, সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করা জরুরি। সীমান্তে দায়িত্ব পালনরত সৌদি সেনাদের সবসময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে এবং শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে হুথিদের সম্পূর্ণ পরাজয় এবং তাদের সহযোগী ও সমর্থকদের বিরুদ্ধে বিজয়ের জন্যও দোয়া করেন শায়খ সালেহ বিন ফাওজান।

তিনি বলেন, ‘আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের পূর্ণ সমর্থন দান করেন এবং আমাদের দেশ ও প্রিয় ইয়েমেনকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন। আমরা আরও প্রার্থনা করি, তিনি যেন হুথি গোষ্ঠী এবং যারা তাদের সাহায্য ও সমর্থন করে, তাদের সম্পূর্ণ পরাজিত করেন।’

সৌদি সেনাদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, সম্মুখভাগে দায়িত্ব পালনরত সেনাদের ওপর নিজেদের দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকা এবং শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে বাস্তবায়ন করা কর্তব্য।

সাধারণত রাজনৈতিক বা সামরিক বিষয়ে সৌদি গ্র্যান্ড মুফতির পক্ষ থেকে এ ধরনের সরাসরি বক্তব্য বিরল। ফলে তার সর্বশেষ বিবৃতিকে দেশটির চলমান সৌদি-হুথি সংঘাতের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করছে। অন্যদিকে সৌদি আরবও হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সময়ে মক্কা, জেদ্দা ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির এ বক্তব্য সৌদি কর্তৃপক্ষের সংঘাত-সংক্রান্ত ধর্মীয় বয়ানকে আরও জোরালো করেছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ