মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮


সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনের সময় ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন না করতে নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। এসব অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ড ও সৌদি আরব থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি দূতাবাস।

রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে দেশটিতে গমনকারী ওমরাহযাত্রী ও কর্মীদের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলা হয়, পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সর্বত্র ভিক্ষাবৃত্তি ও অনুমোদনহীন অর্থ সংগ্রহের বিষয়ে দেশটির প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। তাই আইনি জটিলতা এড়াতে অনুমোদিত পদ্ধতির বাইরে যেকোনো ধরনের অর্থ সংগ্রহ বা স্থানীয় আর্থিক সহায়তা গ্রহণ থেকে বিরত থাকতে পাকিস্তানি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবৈধভাবে অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কার্যক্রমের বাইরে কোনো কাজে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাকিস্তানি দূতাবাস একটি এআই-নির্মিত ভিডিওও প্রকাশ করেছে। ভিডিওতে আইন লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে।

সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একটি অংশ পাকিস্তানি নাগরিক বলে বিভিন্ন তদন্তে উঠে আসার পর দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে একাধিকবার বিষয়টি জানিয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)-এর তথ্য অনুযায়ী, কিছু চক্র দরিদ্র মানুষকে ওমরাহ পালনের টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায়। পরে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করিয়ে সংগৃহীত অর্থের বড় একটি অংশ চক্রের সদস্যরা হাতিয়ে নেয়।

এ ধরনের অপরাধ ঠেকাতে পাকিস্তানে ইতোমধ্যে কয়েক হাজার সন্দেহভাজন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাকিস্তানি দূতাবাস নাগরিকদের সৌদি আরবের আইন মেনে চলার পাশাপাশি পবিত্র হজ ও ওমরাহ পালনের সময় দেশটির সামাজিক ও ধর্মীয় পরিবেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ