যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ জুন) ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে পাঠানো এ আমন্ত্রণ ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন নাকি কোনো প্রতিনিধি দল পাঠানো হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে প্রথম জানাজা ও তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ শায়িত থাকবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারে। ৬ জুলাই একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলাকালীন তেহরান প্রদেশে সরকারি ছুটি পালিত হবে।
পরে ৭ জুলাই দেশটির পবিত্র শহর কোমে আরেকটি জানাজা ও শ্রদ্ধা নিবেদন এবং শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম স্থান এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর মাশহাদে আরেক দফা জানাজার পর ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। সেখানেই তার বাবার কবরও রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন।
মূলত, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একটি জমকালো অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এদিকে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, ফ্রান্সসহ বিভিন্ন দেশের নেতাদেরও খামেনির শোক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে. পাকিস্তান ইতিমধ্যে তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা নিশ্চিত করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আইও