বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ও প্রকাশ্য সামরিক আগ্রাসনের কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, তারা যেন দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে যুদ্ধবিরতি নিশ্চিত করে এবং অঞ্চলটিকে একটি ভয়াবহ যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করে।

মঙ্গলবার (৩ মার্চ) বোর্ডের মুখপাত্র ড. সাইয়্যেদ কাসিম রাসূল ইলিয়াস এক প্রেস বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্বে থাকা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির বক্তব্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিতে প্রস্তুত ছিল। কিন্তু এর মধ্যেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে আলোচনা বন্ধের ঘোষণা দেয় এবং অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এতে স্পষ্ট হয় যে, আলোচনাটি ছিল কেবল একটি কৌশল, আন্তরিক কূটনৈতিক উদ্যোগ নয়।

ড. ইলিয়াস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে একে সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যুদ্ধ চলাকালে কোনো স্বাধীন দেশের কেন্দ্রীয় নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের কথা বলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার আগুনে ঠেলে দিয়েছে। একদিকে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের সমর্থনে রয়েছে। দ্রুত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে এই সংঘাত বৃহত্তর বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধ মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে এবং বিশ্ব অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে, যার সবচেয়ে বড় চাপ বহন করতে হবে উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে।

ড. ইলিয়াস দুঃখ প্রকাশ করে বলেন, এমন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়ে তাদের দেশ একটি ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারত। কিন্তু বর্তমান অবস্থানের কারণে দেশের পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন যে আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে সরকারি পর্যায়ে শোক প্রকাশ না করা দেশের নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড আবারও ভারত সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে— তারা যেন দ্রুত, আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিয়ে এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়। অন্যথায় এই সংঘাত কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব থেকে বিশ্ববাসী কেউই নিরাপদ থাকবে না।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ