নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আকাবির-আসলাফের রাজনৈতিক মিশন এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ কনভেনশনের আয়োজন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) বাদ জোহর রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জাতীয় কনভেনশন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। কনভেনশনের আগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে জেলা ও মহানগর কমিটিগুলো নবায়ন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে বিশেষ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মজলিসে শূরার সদস্য ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজউল্লাহ, মাওলানা কারি নাসির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
এসএইচ/