শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মূলত অলংকারিক দায়িত্ব পালন করলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ হিসেবে এ দায়িত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। রাষ্ট্রপতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের সার্বজনীন ঐক্য ও জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশিত।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের স্বার্থে তাকে দলীয় পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন পোড়খাওয়া রাজনৈতিক নেতা। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার দীর্ঘদিনের ভূমিকা সর্বজনবিদিত।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হওয়া দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তিনি যে আশা ও প্রত্যাশা নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন, সেই আশাবাদকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন বলে আমরা প্রত্যাশা করি।

বিবৃতির শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ