নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের শেষ দিন আজ বুধবার (২৫ নভেম্বর)। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত এ মহাসম্মেলনের সমাপনী পর্বে বাদ মাগরিব বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করবেন ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
সম্মেলনের শেষ দিনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেম-উলামাদের আলোচনা ছাড়াও বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। বিশেষ করে দেওবন্দের মুহতামিমের কাছ থেকে জামিয়ার মুহতামিম ও সিনিয়র শিক্ষকমণ্ডলী বিশেষ দস্তারে ফজিলত গ্রহণ করবেন।
আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকালের অধিবেশনে আলোচনা করবেন মাওলানা নজরুল ইসলাম ও মুফতি ইউনুস। এরপর ২০২১ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। দুপুর ১২টা ২০ মিনিটে বক্তব্য দেবেন পাকিস্তানের আলেম মাওলানা ইলিয়াস ঘুম্মান।
দুপুর ও বিকেলের অধিবেশনে আলোচনা করবেন সিলেটের মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জিকরুল্লাহ খান ও পাকিস্তানের মাওলানা ফয়সাল নাদিম। এসব অধিবেশনে কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্য, দাওরায়ে হাদিস সম্পন্ন করার তাৎপর্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অবশিষ্ট ফুজালাদের দস্তারবন্দী কার্যক্রমও চলবে।
মহাসম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি অনুষ্ঠিত হবে বাদ মাগরিব। এ পর্বে প্রথমে বক্তব্য দেবেন হাটহাজারীর মুফতি কিফায়াতুল্লাহ। এরপর দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর পরিচিতি ও স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন জামিয়ার মুফতি আবু সাঈদ। পরে সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন মুফতি আবুল কাসেম নোমানী।
এ সময় তার কাছ থেকে জামিয়ার মুহতামিম ও সিনিয়র শিক্ষকমণ্ডলী বিশেষ দস্তারে ফজিলত গ্রহণ করবেন। সময়ের প্রয়োজনে অনুষ্ঠান এশার পর পর্যন্ত চললে ওই সময়েও দস্তারবন্দী ও আখেরি বয়ানের আয়োজন রাখা হয়েছে।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ মহাসম্মেলন। মঙ্গলবার দ্বিতীয় দিনে দেশি-বিদেশি একাধিক বিশিষ্ট আলেম আলোচনা করেন। এদিন ২০১৩ থেকে ২০২০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হয়।
আইও/