স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত পালনকালে সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা থেকে বিরত থাকা জরুরি। ফিকহের পরিভাষায় একে ইহদাদ তথা শোকপালন বলা হয়। অলংকার পরা, সুগন্ধি ব্যবহার করা, মেহেদি লাগানো, সুরমা ব্যবহার করা এবং সাজসজ্জা করা এর অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেন, যে নারীর স্বামী মারা গেছে, সে উসফুর রঞ্জিত (উসফুর এক ধরনের উদ্ভিদ, যা থেকে লাল রং তৈরি হয়) পোশাক ও লাল মৃত্তিকায় রঞ্জিত পোশাক পরবে না, অলংকার পরবে না, মেহেদি লাগাবে না এবং সুরমা ব্যবহার করবে না। (সুনানে আবু দাউদ,হাদিস: ২৩০৪)

ফকীহ আলাউদ্দিন সামরকন্দী (রহ.) বলেন, শোকপালন হলো নারীরা যে সকল উপায়ে সাজসজ্জা করে, সেগুলো থেকে বিরত থাকা। যেমন সুগন্ধি ব্যবহার করা, রঙিন পোশাক পরা, কুসুম ও জাফরান দিয়ে সুগন্ধিযুক্ত পোশাক পরা, সুরমা ব্যবহার করা, তেল ব্যবহার করা, চুল আঁচড়ানো, অলংকার পরা, মেহেদি লাগানো ইত্যাদি। তবে যদি তার কাছে রঙিন পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না থাকে, তাহলে তা পরতে কোনো অসুবিধা নেই। তবে সাজসজ্জার উদ্দেশ্য থাকতে পারবে না। 

তাই স্বামীর মৃত্যুর পর ইদ্দত চলাকালীন তথা ৪ মাস ১০ দিন স্ত্রীর জন্য নাক ফুলসহ অন্যান্য অলংকার খুলে রাখা এবং সাজসজ্জা পরিহার করা জরুরি। এ সময় তিনি স্বাভাবিক পোশাক পরতে পারবেন। তবে সাধারণ পোশাক থাকলে নতুন ও ঝলমলে পোশাক পরা থেকে বিরত থাকবেন। সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে চুল আঁচড়াবেন না। তবে চুলের স্বাভাবিকতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনে আঁচড়াতে পারবেন। ইদ্দত শেষ হয়ে গেলে সব ধরনের অলংকার পরিধান ও সাজসজ্জা করতে পারবেন।

আইও/