নিজস্ব প্রতিবেদক
ইলম অর্জন কোনো সাময়িক বিষয় নয়; এর জন্য নিয়মিত অধ্যয়ন, মুতালাআ, পুনরাবৃত্তি এবং উস্তাদদের দিকনির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মেহনত জরুরি বলে মন্তব্য করেছেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি খলিল আহমদ কাসেমী কুরাইশী।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষার্থীদের উদ্দেশে নসীহতকালে তিনি এসব কথা বলেন।
মুফতি খলিল আহমদ কাসেমী কুরাইশী বলেন, ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। এ নেয়ামত অর্জন ও সংরক্ষণের জন্য ছাত্রজীবন থেকেই সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে। ইলমকে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, একজন তালিবে ইলমের সফলতার অন্যতম চাবিকাঠি হলো উস্তাদের প্রতি সম্মান, নিয়মিত দরসের মুতালাআ, পুনরাবৃত্তি এবং ইলমের সঙ্গে আমলের সমন্বয়। প্রতিদিন অল্প অল্প করে হলেও নিয়মিত পড়াশোনা করলে দীর্ঘমেয়াদে তার সুফল পাওয়া যায়। পক্ষান্তরে অনিয়মিত মেহনত কখনো কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না।
বর্তমান সময়ে মোবাইল ও প্রযুক্তির কারণে শিক্ষার্থীদের সামনে নানা ধরনের ব্যস্ততা ও বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তালিবে ইলমদের সময়ের ব্যাপারে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। কোরআন-হাদিস, ফিকহ, আরবি ভাষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ইখলাস ও তাকওয়া অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ইলম অর্জনের পথে ধৈর্য ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। শুরুতে কোনো বিষয় কঠিন মনে হলেও নিয়মিত চেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ তাআলা তা সহজ করে দেন। একজন প্রকৃত আলেম হিসেবে গড়ে উঠতে দীর্ঘ সময় ধরে মেহনত ও সাধনা করতে হয়।
নসিহতের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের ইলমের প্রতি ভালোবাসা সৃষ্টি, উস্তাদদের সোহবত গ্রহণ, নিয়মিত মুতালাআ এবং ইলম অনুযায়ী আমলের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমী, মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, মাওলানা জয়নুল আবেদীনসহ জামিয়ার অন্যান্য আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীরা।
আইও/