আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশগুলোর জন্য আয়োজিত ‘খাদেমুল হারামাইন শরিফাইন কুরআন ও সুন্নাহ মুখস্থ প্রতিযোগিতা’য় অতিথি হিসেবে অংশ নিয়েছেন মসজিদে নববির ইমাম অধ্যাপক ড. মুহাম্মদ বিন আহমদ বারহাজি।
প্রতিযোগিতায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে পবিত্র কুরআন ও সুন্নাহর সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মুখস্থ, গভীর অনুধাবন ও আমলের মাধ্যমে তাদের কুরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করা, প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ইসলামি ভ্রাতৃত্ববোধ জোরদার করাও এ আয়োজনের লক্ষ্য।
তিনি বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর খেদমত এবং এর শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের দীর্ঘদিনের সুদৃঢ় নীতির প্রতিফলন এ প্রতিযোগিতা।
এ সময় সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের ইসলাম ও মুসলমানদের সেবায় এবং কুরআন-সুন্নাহর ধারকদের সম্মানিত করতে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি। তাদের নিরাপত্তা, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মসজিদে নববির এ ইমাম।
প্রতিযোগিতার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান অধ্যাপক বারহাজি। তিনি মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ ওলদ শেখ আল-গাজওয়ানি, দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অধ্যাপক ড. আবদুল আজিজ আর-রুকাবি এবং ধর্মবিষয়ক অ্যাটাশে কার্যালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এ ছাড়া মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়াবলির প্রধান শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইসের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দুই পবিত্র মসজিদের ইমাম ও খতিবদের দাওয়াতি কার্যক্রম এবং জ্ঞানভিত্তিক কর্মসূচিতে তার ধারাবাহিক পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করেন অধ্যাপক বারহাজি।
সূত্র: হারামাইন আর্কাইভ
আইও/