রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

ফেনী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর পরিবারের হাতে ৬ লাখ টাকার অনুদান তুলে দিয়েছে সংগঠনটি। এ ছাড়া মরহুমের পরিবারের শিশুদের জন্য সাইকেল ও বিভিন্ন খেলনা উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ফেনীর ডি রয়েল স্যালনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে এসব উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রাজ্জাক, শায়খ সালাউদ্দিন জাহাঙ্গীর, শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত ও মুফতি মুহাম্মদ আলী। এ ছাড়া ফোরামের সহসভাপতি আলাউদ্দিন নূরীসহ সংগঠনের সদস্য ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর কর্মময় জীবন, সাহিত্যচর্চা, গবেষণা ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।

বক্তারা বলেন, মুফতি কাজী সিকান্দারের প্রয়াণে সাহিত্য ও সাংগঠনিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। এ শূন্যতা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তার রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে সাহিত্যচর্চা এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

ফেনী সাহিত্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.) ছিলেন সংগঠনটির অন্যতম রূপকার ও প্রতিষ্ঠাতা সভাপতি। একজন আলেম, লেখক, গবেষক ও সংগঠক হিসেবে সাহিত্যাঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন তিনি সংগঠনের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।

সংগঠনটি জানায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মুফতি কাজী সিকান্দার। তার অকালপ্রয়াণে পরিবারটি শোকের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছে। মরহুমের অবদানের প্রতি কৃতজ্ঞতা এবং পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই এ সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেনী সাহিত্য ফোরাম জানিয়েছে, মরহুমের পরিবারের পাশে সংগঠনটি অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ