মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮


পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের করা আপিলের প্রায় ৯০ শতাংশই মুসলিম ভোটারদের বিরুদ্ধে। এমনকি বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারকে তালিকায় রাখার যোগ্য বলে সিদ্ধান্ত দিয়েছিলেন, তাঁদের নাম বাদ দেওয়ার পক্ষেও আপিল করেছে কমিশন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সীমান্তবর্তী জেলার পাশাপাশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও সীমান্ত থেকে দূরের জেলাগুলোতেও একই প্রবণতা দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সিভিক রিসার্চ গ্রুপের সংকলিত তথ্য অনুযায়ী, এ ধরনের আপিলের সংখ্যা ১৬ লাখ ৮ হাজার ১৭৫। দ্য ওয়্যারের বিশ্লেষণে দেখা গেছে, এসব আপিলের মধ্যে অন্তত ১৪ লাখ ৩৯ হাজার ৭৯৭ জন মুসলিম ভোটারের নাম রয়েছে। অর্থাৎ মোট আপিলের ৮৯ দশমিক ৫ শতাংশই মুসলিমদের বিরুদ্ধে।

অথচ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। রাজ্যের মোট ভোটারের মধ্যে তাঁদের অংশ প্রায় ২৯ শতাংশ।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাতেও একই চিত্র

নির্বাচনি আসনভিত্তিক বিশ্লেষণেও মুসলিম ভোটারদের বিরুদ্ধে আপিলের উচ্চ হার দেখা গেছে। রাজ্যের ১৩৭টি আসনে নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের অন্তত ৯০ শতাংশ মুসলিম। এমনকি যেসব আসনে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশের কম, সেখানকার ১৬০টি আসনের মধ্যে ৬৯টিতে আপিলের আওতায় আসা ভোটারদের অন্তত ৮০ শতাংশ মুসলিম।

কোনো কোনো আসনে মুসলিম জনসংখ্যার তুলনায় আপিলের তালিকায় তাঁদের অংশ অনেক বেশি। যেমন, মুসলিম জনসংখ্যা প্রায় ৬ শতাংশ—এমন আসনেও আপিল করা ভোটারদের ৬০ শতাংশের বেশি মুসলিম। আবার মুসলিম জনসংখ্যা ১৫ শতাংশের কাছাকাছি, এমন আসনে এই হার ৮০ শতাংশ ছাড়িয়েছে।

সীমান্ত থেকে দূরের জেলাগুলোতেও একই প্রবণতা দেখা গেছে। পূর্ব মেদিনীপুরে মোট জনসংখ্যার প্রায় আট ভাগের এক ভাগ মুসলিম হলেও নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের ৯০ শতাংশের বেশি মুসলিম। জেলার এগরা আসনে মুসলিম জনসংখ্যা প্রায় ৮ শতাংশ হলেও আপিলের আওতায় থাকা ভোটারদের ৯৪ দশমিক ৯ শতাংশ মুসলিম। চণ্ডীপুর, কাঁথি দক্ষিণ ও রামনগর আসনেও এ হার ৯৩ থেকে ৯৫ শতাংশ।

সুন্দরবন অঞ্চলের সাগর ও গোসাবা আসনে আপিল করা ভোটারদের যথাক্রমে ৯৭ ও ৯৫ শতাংশ মুসলিম। অথচ এসব এলাকায় মুসলিম জনসংখ্যা ১২ শতাংশেরও কম।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় আপিলের আওতায় থাকা ভোটারদের ৯৮ দশমিক ২ শতাংশ মুসলিম। তবে সেখানে জনসংখ্যার প্রায় ৬০ শতাংশই মুসলিম হওয়ায় ব্যবধান তুলনামূলক কম।

বিচারিক কর্মকর্তাদের সিদ্ধান্তের পরও আপিল

প্রতিবেদনে বলা হয়েছে, বিচারিক কর্মকর্তারা মোট ২৭ লাখ ৬ হাজার ৫৭ জন ভোটারের নাম বাদ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৬১৯ জন ট্রাইব্যুনালে আপিল করেছেন। অর্থাৎ বাদ পড়া ভোটারদের ৮২ শতাংশই আপিল করেছেন। এসব আপিলকারীর ৭৯ দশমিক ৩ শতাংশ মুসলিম।

অন্যদিকে বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারকে তালিকায় রাখার যোগ্য ঘোষণা করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন আপিল করেছে। এ ক্ষেত্রে মুসলিম জনসংখ্যা ১০ শতাংশের কম—এমন আসনগুলোতে কমিশনের আপিলের ৬০ শতাংশের বেশি মুসলিম ভোটারের বিরুদ্ধে।

সাবার ইনস্টিটিউটের পৃথক এক বিশ্লেষণেও একই ধরনের চিত্র উঠে এসেছে। তাদের তৈরি উন্মুক্ত তথ্যভান্ডার অনুযায়ী, বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখের বেশি ভোটারের মধ্যে ৭০ দশমিক ১৭ শতাংশ মুসলিম। তাঁদের ৫১ শতাংশ নারী।

সব তথ্য একত্র করে দ্য ওয়্যারের বিশ্লেষণে দেখা গেছে, বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো ভোটারদের মধ্যে যাঁদের তথ্য পাওয়া গেছে, তাঁদের অন্তত ৫৩ দশমিক ৭ শতাংশ মুসলিম। রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ।

নির্বাচন কমিশনের বক্তব্য

গত ২৬ অক্টোবর ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক পাল্টা হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে কর্তৃপক্ষ হিসেবে এসব আপিল করেছেন। ২২ অক্টোবর মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়।

কমিশন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় নথি অনলাইন পোর্টালে রয়েছে এবং তাঁদের পক্ষে বিচারিক কর্মকর্তারা অনুকূল সিদ্ধান্ত দিয়েছিলেন।

তবে কোন কর্মকর্তা এসব আপিল করেছেন, কী যুক্তিতে ভোটারদের বাছাই করা হয়েছে এবং কোন আইনি বিধান অনুসরণ করা হয়েছে—এসব বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ের কাছে জানতে চেয়েছে দ্য ওয়্যার। আপিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নিবন্ধন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ