মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান প্রেক্ষাপটে কওমি ওলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাতিল ও ভ্রান্ত মতবাদের মোকাবিলায় ওলামায়ে কেরামকে আরও সোচ্চার ও সচেতন ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হাফিজাহুল্লাহ। তিনি বলেন, কওমি মাদরাসার স্বকীয়তা, ঐতিহ্য, শিক্ষা-দর্শন ও দ্বীনি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৯ নভেম্বর) জামিয়া কাসিমুল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিণভাগ মেওয়া বিয়ানীবাজার সিলেট-এর আবনা-ফুযালা ও হুফফাযের সংগঠন ‘আল কাসিম পরিষদ সিলেট মহানগর’-এর উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে কওমি ওলামায়ে কেরামের দায়িত্ব ও করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জেলা পরিষদ মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হকপন্থী সকল রাজনৈতিক ওলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোকে নতুনভাবে গঠিত একটি অরাজনৈতিক, বিজ্ঞ ও অভিজ্ঞ আলেম পরিষদের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ঐক্যবদ্ধ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কোনো বাতিলপন্থী ও পথভ্রষ্ট গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কখনোই প্রকৃত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইসলামী আদর্শ ও নীতির প্রশ্নে আপসহীন থেকে হকপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।

আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা জুবায়ের আল মাহমূদ, মাওলানা লুৎফর রাহমান ও মাওলানা আশরাফ হুসাইন ফুয়াদীর যৌথ সঞ্চালনায় ও আল কাসিম পরিষদের আহ্বায়ক মাওলানা নূর আহমদ কাসেমী সাহেবের সভাপতিত্বে সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মেওয়া বিয়ানীবাজার-এর নির্বাহী মুহতামিম মাওলানা শায়খ আব্দুল মতিন হাফিজাহুল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা হাফিজ মাহমুদ হুসাইন, মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আতাউল হক জালালাবাদী, জামিয়া মেওয়ার শিক্ষা সচিব ও শাইখুল হাদীস মাওলানা আসআদ আহমদ হাফি., শাইখুল হাদীস মুফতি কামালুদ্দিন সুনাসারী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মনজূর আহমদ সালিম, মাওলানা শায়খ মুশতাক আহমদ খাঁন, শায়খুল হাদীস মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা শায়খ আসরারুল হক, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ জকিগঞ্জী, অধ্যাপক মাওলানা মুহিবুর রাহমান ও অ্যাডভোকেট জনাব মুহাম্মদ আলীসহ সিলেটের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

পাশাপাশি উক্ত সম্মেলনে আল কাসিম পরিষদের মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাওলানা নূর আহমদ কাসিমীকে সভাপতি, মাওলানা জুবায়ের আল মাহমূদকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি আবু মুহাম্মদ ইয়াহইয়াকে সেক্রেটারি, মাওলানা লুৎফর রাহমানকে জয়েন্ট সেক্রেটারি ও মাওলানা আবুল খায়েরকে সাংগঠনিক সম্পাদক করে আল কাসিম পরিষদ সিলেট মহানগর-এর ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ