ইসরায়েল অব্যাহতভাবে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর অবস্থানকে চাপের মুখে ফেলতে পারেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষক ড্যানিয়েল লেভি।
বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হোয়েছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সামনে এসেছে, নেতানিয়াহু কি এমন অবস্থানে নিজেকে নিয়ে যাচ্ছেন, যেখানে ট্রাম্প মনে করবেন ইসরায়েল যুক্তরাষ্ট্র–ইরান বৃহত্তর সমঝোতা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে? এমন মন্তব্য করেন ইউএস/মিডল ইস্ট প্রজেক্টের প্রধান ড্যানিয়েল লেভি।
তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব তাদের চালানোর স্বাধীনতা পরীক্ষা করে দেখছে। নেতানিয়াহু বারবার বলেছেন, ইসরায়েল লেবাননে একটি নিরাপত্তা অঞ্চল বজায় রাখবে।
লেভি বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পরীক্ষা করবেন। তিনি আশা করবেন, সাম্প্রতিক দিন ও সপ্তাহে যতই হতাশা থাকুক না কেন, যুক্তরাষ্ট্র হয়তো কঠোর অবস্থান নেবে না।
তার মতে, ইসরায়েলি নেতা অতীতেও এমন কৌশল অনুসরণ করেছেন, যেখানে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, লেবানন ইস্যুতে ইসরায়েলকে চুক্তি অনুযায়ী কাজ করাতে হলে যুক্তরাষ্ট্রকে চাপ বজায় রাখতে হবে এবং নিজেদের প্রভাব ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।
