আন্তর্জাতিক ডেস্ক-
ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার কাইরানা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশনের অভিযোগকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশের ব্যাপক অভিযান শুরু হয়েছে। অভিযোগের পর সংশ্লিষ্ট ‘মুঘল ব্যাংকুয়েট হল’ সিলগালা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা হিসেবে সেটি ভেঙে ফেলার প্রক্রিয়াও শুরু হয়েছে।
শামলি ডেভেলপমেন্ট অথরিটির জুনিয়র ইঞ্জিনিয়ার জগদেব সিং জানান, ব্যাংকুয়েট হলটি অনুমোদনহীনভাবে নির্মিত হওয়ায় মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় ভবনটি সিলগালা করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন অনুষ্ঠিত একটি বিয়ের সংবর্ধনায় গরুর মাংস পরিবেশনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— বর ফারমান, তার চাচা সালমান, ব্যাংকুয়েট হলের মালিক আনিস আহমদ এবং রাঁধুনি খলিল।
তদন্তকারীদের দাবি, জবাই করা একটি ভবঘুরে গরুর মাংস ওই অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছিল। অভিযোগে আরও বলা হয়েছে, বরের জন্য উপহার হিসেবে দেওয়া একটি গাড়ি ব্যবহার করে মাংস পরিবহন করা হয়েছিল। পরে গাড়িটিও জব্দ করা হয়।
সংবেদনশীল হিসেবে পরিচিত শামলি জেলায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ নির্মাণ এবং গরু জবাই সংক্রান্ত অভিযোগ— উভয় বিষয়েই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: মুসলিম মিরর
জেডএম/
