
|
আজ ঢাকার সড়কে নামছে নারীদের ‘পিংক বাস’, সেবা মিলবে ৯ রুটে
প্রকাশ:
১৮ আগস্ট, ২০২৬, ১২:১০ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে ১০টি বাস ও বগুড়া-চট্টগ্রামে ২টি করে বাস নামবে রাস্তায়। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। যেসব রুটে চলবে পিংক বাস নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে। রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার। নারীদের জন্য চালু করা এ উদ্যোগ গণপরিবহনে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান এবং অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে। এমএন/ |