আন্তর্জাতিক ডেস্ক-
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দখনি (DKH)-এর সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় আগামী তিন বছর প্রেসিডেন্সির অধীন বিভিন্ন কার্যক্রমে সুগন্ধি সেবা প্রদান করবে দখনি। এর মধ্যে বিশেষভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও মুয়াজ্জিনদের জন্য উচ্চমানের সুগন্ধি সরবরাহের ব্যবস্থা থাকবে।
ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দুই পবিত্র মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলোর মান আরও উন্নত করা এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রেসিডেন্সির কর্মকর্তারা বলেন, বেসরকারি খাতের সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে হারামাইন শরীফাইনের সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ অর্জনই এ ধরনের চুক্তির অন্যতম লক্ষ্য।
তারা আরও জানান, এই সহযোগিতা চুক্তি ধর্মীয় সেবাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০-এর আলোকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব জোরদারে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা ও সহযোগিতা চুক্তি সম্পাদন করে থাকে, যাতে দুই পবিত্র মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। সূত্র: হারামাইন আর্কাইভ
জেডএম/
