মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


শিক্ষার্থীদের জন্য দারুল উলুম দেওবন্দের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে। প্রতিষ্ঠানটির আবাসিক কার্যালয় (দফতরুল ইকামাহ) থেকে নাজিমে আলীর পক্ষ থেকে প্রকাশিত এ নির্দেশনায় আবাসিক ও স্থানীয় শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে উত্তর প্রদেশে ‘কানওয়ার যাত্রা’ চলমান থাকায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে বাজার, জি.টি. রোড, দিওয়ীকুন্ডসহ জনসমাগমপূর্ণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং ভ্রমণের প্রয়োজন হলে রিজার্ভ কোচ ব্যবহার করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, দেওবন্দ রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হওয়ায় রেললাইনের ওপর চলাচল বা অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ভাইলে রেলগেট এলাকায় নির্মাণকাজ চলমান থাকায় সেখানে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় শিক্ষার্থীদের জন্য জি.টি. রোড ব্যবহার না করে শহরের অভ্যন্তরীণ সড়ক দিয়ে যাতায়াত এবং নির্ধারিত তাইয়্যিবাহ গেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দারুল উলুম কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) সবসময় সঙ্গে রাখা এবং প্রয়োজন হলে তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মাগরিবের নামাজের পর পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশের অনুমতি থাকবে না বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের স্মার্টফোন বা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এ ধরনের মোবাইল ব্যবহার প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হওয়া, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগী থাকা এবং সব ধরনের অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে বিরত থেকে আদর্শ শিক্ষার্থীর পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা এসব নির্দেশনা সকল আবাসিক ও স্থানীয় শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণীয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ