মার্কিনিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে লাইভ-ফায়ার মহড়া চালানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস(আইআরজিসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদনের তথ্য মতে মহড়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। এছাড়াও দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে আইআরজিসির সামরিক মহড়া করার কোনও পরিকল্পনা ছিল না। এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। শুধু মিডিয়া রিপোর্টই ভুল ছিল।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, আইআরজিসি আজ এবং সোমবার (২ ফেব্রুয়ারি) হরমুজ প্রণালীতে মহড়া করতে যাচ্ছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি একটি বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ জলপথ যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ সরবরাহ হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি না হলে অথবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে হস্তক্ষেপের হুমকি দেয়। সেই সাথে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করতে শুরু করে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে কোন হামলা হলে তা পুরো অঞ্চলে সংঘাতে রুপ নিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে হরমুজ প্রণালীতে না হলেও, চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে কঠোর সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এমএম/