শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দী নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে দেশটির বর্তমান সরকার। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দেন।

তারার ইমরান খানকে ‘যুদ্ধ উন্মাদনায় চরমপন্থী’ বলে অভিহিত করেন এবং বলেন, আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলেও এখন থেকে তাঁর সঙ্গে কারাগারে আর কোনো বৈঠক হবে না।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের এই মন্তব্য এসেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মন্তব্যের কয়েক ঘণ্টা পর। শরীফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতাকে ‘মানসিক ভারসাম্যহীন’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছিলেন।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তারার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী জেল সুপারিনটেনডেন্টের উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা থাকলেও, ইমরান খান সাক্ষাতের সময় রাজনৈতিক আলোচনা ও নির্দেশনা দেন, যা কারাগারের নিয়ম ভঙ্গ করে। তিনি জোর দিয়ে বলেন, জেলের ভেতর থেকে শত্রুর এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রী আরও সতর্ক করে দেন যে কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হলে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ এখন রাষ্ট্রের শাসন পুনরুদ্ধারের সময় এসেছে।

উল্লেখ্য,  এর আগে গত বুধবার (৩ ডিসেম্বর) একটি 'এক্স' পোস্টে ইমরান খান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ অভিহিত করে কঠোর সমালোচনা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নাম উল্লেখ না করে ইমরান খানের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে সাবেক প্রধানমন্ত্রী ‘বিদেশি শক্তির সাথে কাজ করছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, অস্থিরতা উসকে দিচ্ছেন এবং ক্রমাগত সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন।’

চৌধুরী আরও মন্তব্য করেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তার অহংকার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলেন— আমি না থাকলে কিছুই থাকবে না।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ