শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮


এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

অনলাইনে যেভাবে ফল জানবেন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে প্রবেশ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

অন্যদিকে, পরীক্ষার্থীরা একই ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম

ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— `HSC DHA 123456 2026`

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এখানে DHA-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর বসাতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও ফি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ২ জুলাই শুরু হয়েছিল এবারের পরীক্ষা। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ