আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসায় উচ্ছেদসংক্রান্ত নোটিশ পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বাড়ির সবুজ এলাকায় নির্মিত নিরাপত্তাকর্মীদের কক্ষ ও জেনারেটর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির রান্নাঘরকেও ভবন নির্মাণবিধির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম রোজনামায়ে জংয়ের বরাতে জানা যায়, বাড়ির মালিক আমানুল্লাহর কাছে পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না সরালে সিডিএ নিজেই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, রাজধানীজুড়ে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এ নোটিশ দেওয়া হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। অবৈধ কর্মকাণ্ডের পক্ষে ধর্ম কিংবা রাজনীতিকে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সিডিএর নোটিশে মাওলানা ফজলুর রহমানের বাসার রান্নাঘরকেও ভবন নির্মাণবিধির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইও/