মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮


আল-আজহারের সেরা দশে সাত বাংলাদেশি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক:

বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের চূড়ান্ত ফলাফলে উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা দশ শিক্ষার্থীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাত শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বিভাগের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এতে আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস—এই তিন বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

আকিদা ও দর্শন বিভাগে (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) ৯৪ দশমিক ০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুল আলম। একই বিভাগে ৯৩ দশমিক ৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন মাহফুজুর রহমান। এছাড়া ৯১ দশমিক ০৭ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছেন মুহা. রেজাউল করীম।

তাফসির বিভাগে ৯৫ দশমিক ০৩ নম্বর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসুম বিল্লাহ গুলজার। একই বিভাগে ইয়াকুব বিন ইসহাক ৯২ দশমিক ২৯ নম্বর পেয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম ৯০ নম্বর নিয়ে দশম স্থান লাভ করেছেন।

হাদিস বিভাগে ৯০ দশমিক ০৬ নম্বর অর্জন করে সেরা দশে জায়গা করে নিয়েছেন জুবায়ের আহমদ।

সংশ্লিষ্টরা বলছেন, আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য দেশের জন্য গর্বের। এটি শুধু তাদের ব্যক্তিগত মেধা, অধ্যবসায় ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতারও উজ্জ্বল প্রমাণ।

তাদের মতে, আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে ইসলামি উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ