নিজস্ব প্রতিবেদক-
জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের অবদা বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচবিবি পৌর শহরের সরকারি গোরস্থান এলাকার অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫) এবং আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের সাজ্জাদ হোসেন (৪০)। নিহত অপর এক নারীর (৪০) পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক এক শিশুসহ ৮ জন যাত্রী নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে জমিতে পড়ে এবং চালকসহ যাত্রীরা ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী মিতালী রানী জানান, বৃষ্টির সময় অটোরিকশাটি জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়। বনখুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) নুরুন নবী জানান, বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। ট্রাকচালককে স্থানীয় লোকজন আটক করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন নিহত হন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান।
আওয়ার ইসলাম/জেডএম
