দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেশের এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির সুযোগ চালু হতে যাচ্ছে। স্কুল ও কলেজ শিক্ষকদের পর এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও বদলি নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত বৃহস্পতিবার এ নীতিমালার অনুমোদন দেয়। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সূত্র জানায়, শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও পারিবারিক দুর্ভোগ কমাতে বদলি প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সফটওয়্যারভিত্তিক একটি অনলাইন ব্যবস্থার মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।
